ব্রেকিং নিউজঃ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে মোটরসাইকেল চলাচল বন্ধ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন কেন্দ্র করে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী বৃহস্পতিবার দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার রাত থেকে যানবাহন চলাচলে বিধি-নিষেধ রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসির সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যানবাহন চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ছাড়া আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে।

তবে সুনির্দিষ্ট ব্যতিক্রম প্রেক্ষাপটে নির্ধারিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য।

এ ছাড়া নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ ছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্য জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষ এসব নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।

আগামী ১২ নভেম্বর রাজধানীর উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেত থানা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ৯ জুলাই এ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

একই দিন সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়।

জেলার কাজীপুর উপজেলার ১৩টি ইউনিয়ন, সদর উপজেলার চারটি ও একটি পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৪ হাজার ৭৬৪ জন। ১৭১টি কেন্দ্রে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930