ব্রেকিং নিউজঃ

ফ্রান্সে শিক্ষক হত্যা : ছয় মাসের জন্য বন্ধ একটি মসজিদ

মহানবীর (সা.) কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতা ব্যাখ্যা করেছিলেন প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটি। এরপর ওই শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা হয়। নিহত ওই শিক্ষকের নিন্দা করে একটি ভিডিও আপলোড করেছিল ফ্রান্সের একটি মসজিদ। এ কারণে ছয় মাসের জন্য মসজিদটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

স্যামুয়েল প্যাটিকে হত্যার পর ফ্রান্স জুড়ে চরমপন্থীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। এরই অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হচ্ছে  প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলীয় প্যানটিন মসজিদ। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার মসজিদটি ছয় মাস বন্ধের নির্দেশ দিয়েছে। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

শিক্ষক স্যামুয়েল প্যাটি ক্লাসে কার্টুন দেখানোর পরই  গ্র্যান্ড পানতিন এলাকায় অবস্থিত একটি মসজিদ থেকে তাঁর নিন্দা করে একটি ভিডিও শেয়ার করা হয়। এ জন্যই ছয়মাসের জন্য মসজিদটি সাময়িক বন্ধ করে দিচ্ছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, স্থানীয় আজ বুধবার রাত থেকে মসজিদটি বন্ধ হয়ে যাবে। ওই মসজিদে দেড় হাজারের মতো মুসল্লি নামাজ পড়তেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো সন্ত্রাস ঠেকানো।

যে ভিডিওটি মসজিদের ফেসবুকে পেইজ থেকে শেয়ার করা হয়েছিল, তা নিহত শিক্ষকের এক ছাত্রের বাবার করা। ওই ভিডিওতে শিক্ষককে দুর্বৃত্ত আখ্যা দিয়ে বলা হয়েছিল, তিনি মুসলিম ছাত্রদের অপমান করছেন।
এদিকে বন্ধ করে দেওয়া মসজিদের ইমাম সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ওই ভিডিও শেয়ার করার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু, তিনি ভিডিওটি শেয়ার করেছিলেন মুসলিম ছাত্রদের কথা ভেবে। মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামে হিংসার কোনো স্থান নেই। যেভাবে শিক্ষককে হত্যা করা হয়েছে তা নিন্দনীয়।
স্যামুয়েল প্যাটিকে হত্যার পরই ফ্রান্সজুড়ে পুলিশি অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই ভিডিওর নির্মাতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

স্কুলের চারজন ছাত্রকেও আটক করা হয়েছে। পুলিশ শিক্ষক হত্যাকাণ্ডের আগে যেসব বিদ্বেষমূলক মেসেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে, তা খুঁজে বের করছে। এ ছাড়া চরমপন্থীদের নেটওয়ার্কের সন্ধান করছে পুলিশ।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, নিহত স্যামুয়েল প্যাটিকে দেশের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ন অব অনার’ দেওয়া হবে। শিক্ষামন্ত্রী প্যাটিকে ‘শহিদ’ আখ্যা দিয়েছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930