এস-৪০০ পরীক্ষা চালাচ্ছে তুরস্ক, যুক্তরাষ্ট্রের হুমকি
রাশিয়া থেকে কেনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর পরীক্ষা চালাতে যাচ্ছে তুরস্ক।
এ খবর প্রকাশিত হওয়ার পর আঙ্কারার বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটিকে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহের পরিকল্পনা বাতিল করা হতে পারে।
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ সংগ্রহের চুক্তিকে আমেরিকা ও ন্যাটোর সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতির জন্য দায়ী করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি তুর্কি গণমাধ্যম খবর দেয়, দেশটি রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করা এস-৪০০ ব্যবস্থার কার্যকারিতা যাচাই করার জন্য শিগগিরই এটির পরীক্ষা চালাবে।
এই খবর প্রকাশিত হওয়ার পর ওয়াশিংটন এ প্রতিক্রিয়া জানাল।
তুরস্ক হচ্ছে ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সংগ্রহ করেছে।
২০১৭ সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে ৫২০ কোটি ডলারের চুক্তি করে তুরস্ক।
২০১৯ সালের জুলাই মাসে এ ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যা এখনো চলছে।
