৬ মাস পর খুলল তাজমহল
করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ভারতের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য তাজমহল।
অবশেষে ছয় মাস পর পর্যটকদের জন্য তাজমহলের দরজা খুলে দেওয়া হলো। এর আগে এতো দীর্ঘ সময় ধরে কখনই তাজমহল বন্ধ রাখা হয়নি।
কিন্তু করোনার প্রকোপ বাড়তে থাকায় গত মার্চে পর্যটকদের জন্য তাজমহল বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে বর্তমানে মাত্র ৫ হাজার পর্যটককে প্রতিদিন তাজমহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
একই সঙ্গে তাদের নিরাপত্তার বিভিন্ন বিধি-নিষেধ অবশ্যই মেনে চলতে হবে।
১৭ শতাব্দীতে মুঘল সম্রাট শাহ জাহান তার প্রয়াত স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে মার্বেল পাথরের এই স্থাপত্য নির্মাণ করেন।
এর আগে ১৯৭৮ সালে আগ্রা শহরে বন্যার কারণে তাজমহল বন্ধ রাখা হয়েছিল। তার আগে ১৯৭১ সালে কিছুদিনের জন্য তাজমহল বন্ধ রাখা হয়।
সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকেই তাজমহলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
তবে তাজমহল খুলে দেওয়ার আগেই সবকিছু পরিস্কার-পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত করা হয়েছে। সেখানকার প্রত্যেক কর্মকর্তা ও কর্মীকে মুখে মাস্ক পরতে দেখা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাজমহলে প্রবেশের আগে প্রত্যেক পর্যটকের তাপমাত্রা মেপে দেখা হবে।
এছাড়া পর্যটকদের ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটতে বলা হয়েছে। একই সঙ্গে তাজমহলের ভেতরে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতেও বলা হয়েছে।
