মাদরাসা ও কারিগরির নবসৃষ্ট পদে এমপিও জটিলতার সমাধান দিয়ে আদেশ জারি
অবশেষে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েও নবসৃষ্ট পদে এমপিও জটিলতায় ভুক্তভোগী শিক্ষকদের সমস্যা নিরসন করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে। এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার এক বছরের বেশি সময় পার হলেও এমপিওভুক্ত হতে পারছিলেন না কয়েকশ নিবন্ধিত শিক্ষক।
নবসৃষ্ট পদে নিয়োগ, মহিলা কোটার জটিলতায় তারা এমপিওভুক্ত হতে পারছিলেন না।
এ আদেশের ফলে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিও জটিলতা নিরসন হল।
জানা গেছে, স্কুল কলেজের নবসৃষ্ট পদে জটিলতায় থাকা শিক্ষকদের মত একই পদ্ধতিতে অর্থাৎ নিয়োগ যে বছরেই হোক নবসৃষ্ট পদের নির্ধরিত অর্থবছরে শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
তাদের নিয়োগ যখনই হোক তারা নির্ধারিত অর্থবছরে তাদের এমপিওভুক্ত করার ব্যবস্থা নিতে আদেশে মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এনটিআরসিএর দ্বিতীয় চক্রে নিয়োগ সুপারিশ পাওয়া আট শতাধিক প্রার্থী এমপিওভুক্ত হতে পারছিলেন না ভুল তথ্য দেয়া শূন্যপদে নিয়োগ সুপারিশ, মহিলা কোটা, নবসৃষ্ট পদ, প্যাটার্ন বহিভূর্ত পদে নিয়োগ সুপারিশ সর্বোপরি ভুল তথ্য দেয়া শূন্যপদে নিয়োগ সুপারিশ পাওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়।
দীর্ঘ অপেক্ষার পর গত ৯ জুন এসব শিক্ষকদের জটিলতা নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। সে সিদ্ধান্তের আলোকে নবসৃষ্ট পদ এবং মহিলা কোটার সমস্যায় এমপিওবঞ্চিত শিক্ষকদের জটিলতা নিরসনের আদেশ জারি করা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ।
এদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে শুধুমাত্র মহিলা কোটা ও ৬ মাসের ডিপ্লোমায় কম্পিউটার শিক্ষকদের আলাদা পরিপত্র জারি করা হলেও নবসৃষ্ট পদের জন্য কোন পরিপত্র জারি করা হচ্ছিল না।
তাই দুশ্চিন্তায় ছিলেন প্রার্থীরা। অবশেষে, এ আদেশ জারির পর নবসৃষ্ট পদে নিয়োগ পাওয়া মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের জটিলতা নিরসন হল।
