নেপালকে ৫০ হাজার টন সার দেবে বাংলাদেশ
বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
ইহসানুল করিম বলেন, “নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিকেল ৫টার দিকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন সার চেয়েছেন। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে রাজি হয়েছেন।”
২০ মিনিটের টেলিফোন আলাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে রেল যোগাযোগের ব্যবস্থা করার আশ্বাসও দেন। এ সময় নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
করিম বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দিয়েছেন। তারা শিগগিরই দুই দেশের অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করার বিষয়ে আশা প্রকাশ করেন।
প্রেস সচিব আরও জানান, নেপালে করোনাভাইরাস সফলভাবে মোকাবিলার জন্য শেখ হাসিনা শর্মা ওলিকে অভিনন্দন জানিয়েছেন।
