ব্রেকিং নিউজঃ

নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এখন আমাদের লক্ষ্য : বারি মহাপরিচালক

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম বলেছেন, দেশের মানুষের জন্য পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এখন আমাদের লক্ষ্য। ইতিমধ্যেই আমরা বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।

বুধবার বারির কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘জৈব বালাইনাশক প্রযুক্তির মাধ্যমে ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে শাক-সবজি, ফল ও পান ফসলের পোকমাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প’-এর অর্থায়নে গাজীপুরে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের বিভিন্ন বিভাগের ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বারির কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীন ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. ফিরোজা খাতুন।

কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকারের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত।

বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম বলেন, আমাদের দেশে কৃষক ভাইয়েরা ফসলে পোকা-মাকড় দমনের জন্য নির্বিচারে কীটনাশক ব্যবহার করে থাকেন, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে ক্যান্সারসহ বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের ফসলে জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। এতে আমরা যেমন নিরাপদ থাকবো, তেমনি আমাদের পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি কমে আসবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930