‘সোনার বাংলা গড়ার প্রচেষ্টায় প্রকৌশলীদের আরও অবদান রাখতে হবে’
সোনার বাংলা গড়ার প্রচেষ্টায় প্রকৌশলীদের আরও অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাখার বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ খাতের প্রকৌশলীদের জনগণকে সরাসরি উন্নত সেবা দেয়ার সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দেশ ও জনগণের কল্যাণে আরও অবদান রাখুন।
’ তিনি বলেন, ‘উন্নত প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু প্রকৌশলীদের রাশিয়া পাঠান। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ১০ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পৌঁছে যেত। বঙ্গবন্ধু নেই কিন্তু তার চিন্তা-দর্শন-আদর্শ রয়েছে, তা বাস্তবায়নে প্রকৌশলীসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সোনার মানুষ হতে হবে। পরিশ্রম, প্রগতিশীলতা, শিক্ষা, দক্ষতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে। নিজের ওপর আস্থা রেখে, মাইন্ডসেট স্থির করে এখন থেকেই অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
বাংলাদেশ প্রকৌশলী পরিষদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাখার সভাপতি আশুতোষ রায়ের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সংযুক্ত থেকে বক্তব্য রাখেন
