ব্রেকিং নিউজঃ

লেখাপড়া সবসময় পরীক্ষাকেন্দ্রিক হওয়া উচিত নয়: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

লেখাপড়া সবসময় পরীক্ষাকেন্দ্রিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২২ আগস্ট) একটি লাইভ স্ট্রিমড ওয়েবিনারের মাধ্যমে হারস্টোরি ফাউন্ডেশন ও চল পড়ির যৌথ প্রযোজনায় “চার রঙের বাসা” নামক শর্ট স্টপ-মোশন অ্যানিমেশনের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, “পড়াশোনা সবসময় পরীক্ষাকেন্দ্রিক হওয়া উচিত নয়, বরং নীতিবান, দায়িত্বশীল এবং সংবেদনশীল মানুষ গড়তে যেসব শিক্ষা দরকার তার প্রয়োজনীয়তা অনেক, যেমনটা জাতির জনক স্বপ্ন দেখেছিলেন।”

ডিজিটাল শিক্ষার যুগে বাচ্চাদের শেখার উপকরণগুলো সহজেই বোধগম্য এবং উপভোগ্য করে তৈরি করা দরকার বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “এ স্টপ মোশন অ্যানিমেশনটি শিশুদের জন্য উপযোগী মাধ্যম, ভাষা এবং স্টাইল ব্যবহার করে সংবিধানের চারটি স্তম্ভকে তুলে ধরেছে। যেসব মূল্যবোধ ও রাজনৈতিক আদর্শ বাংলাদেশের সংবিধানের ভিত্তি হিসাবে কাজ করে, এ অ্যানিমেশন তরুণ প্রজন্মকে সেসব সম্পর্কে শিক্ষিত করে তুলবে।”

উল্লেখ্য, শিশুদের উপযোগী রঙ্গীন রূপক এবং প্রতীক দিয়ে অ্যানিমেশনটি তুলে ধরেছে বঙ্গবন্ধুর রাজনীতির চারটি মূলনীতি- গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম-নিরপেক্ষতা, এবং জাতীয়তাবাদ। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একটি ছোট মেয়েকে পাখির বাসা তৈরি শেখান, সাথে তিনি বলে যান সেসব পেছনের গল্প যা জাতির জন্য একটি কাঠামো পরিকল্পনায় তার নীতি-আদর্শকে প্রভাবিত করেছিল।

হারস্টোরি ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জেরিন মাহমুদ হোসেনের সঞ্চালনায় এ সময় আসাদুজ্জামান নূর, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. নাসরিন আহমদসহ আরও অনেকেই যুক্ত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930