ব্রেকিং নিউজঃ

শিপ্রাকে উদ্দেশ করে পুলিশের মন্তব্য : হাইকোর্টে রিটের আদেশ কাল

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের প্রামাণ্যচিত্র তৈরির সঙ্গী ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথকে উদ্দেশ করে দুই পুলিশ কর্মকর্তার মন্তব্য চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শেষে এ আদেশের দিন ধার্য করা হয়।

রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

এর আগে গত ১৬ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক রিটটি দায়ের করেন। রিটে দুই পুলিশ কর্মকর্তার ফেসবুক পোস্টের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়ার আর্জি জানানো হয়।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে যে মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ।

একটি জাতীয় ইংরেজি পত্রিকার প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

শিপ্রার ছোট ভাই শুভজিৎ কুমার দেবনাথ জানিয়েছেন, কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাসহ কতিপয় লোক তাঁর ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে উসকানিমূলক মন্তব্য করেছেন। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য নোংরা মানসিকতা থেকে আসতে পারে বলেও মনে করেন তিনি।

শুভজিৎ আরো বলেন, ‘ঘটনার সময় পুলিশ তাদের সব ডিভাইস জব্দ করেছে। সেসব ডিভাইস থেকে কোনো কিছু ফাঁস হয়েছে কি না, সেটা নিয়েও আমাদের সন্দেহ রয়েছে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31