স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ চাইলেন বিএনপির এমপি হারুন
দেশে মহামারি কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা সামনে এনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ দাবি করেছেন বিএনপিদলীয় সংসদ সদস্য হারুন অর রশিদ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্ত্বে সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতর বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটির আমূল বদলানো দরকার। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হারুন বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দিন। সরিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবেলায় উপযুক্ত ব্যক্তিকে বসান। কমিটমেন্ট আছে এমন লোকদের বসান।
এমপি হারুন অর রশিদ বলেন, চীনা বিশেষজ্ঞ দল বলেছে– বাংলাদেশের করোনা পরিস্থিতিতে তারা হতাশ। তাই এই যে সংকট তৈরি হয়েছে। এই সংকট জাতীয় সংকট। এই সংকট উত্তরণের জন্য জাতীয় ঐকমত্য গড়ে তুলুন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব রাজনৈতিক নেতার মামলা প্রত্যাহারের অনুরোধ করেন তিনি।
এ সময় সংসদে তারেক রহমানের নাম উচ্চারিত হওয়ায় প্রতিবাদ জানান সরকারি দলের সংসদ সদস্যরা। ডেপুটি স্পিকারও এর প্রতিবাদ জানান। পরে তার বক্তব্য এক্সপাঞ্জ করা হয়।
তখন পুলিশ বাহিনীর সমালোচনা করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, পুলিশের আইজিপি নতুন নতুন অসিহত দিচ্ছেন। যারা দেশের মানুষের আমানত নষ্ট করেছেন, হক নষ্ট করেছেন এবং তার জবাবদিহি আপনাকে করতে হবে। গত নির্বাচনের সময় পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। পুলিশের উচ্চতর পদমর্যাদার ব্যক্তিদের দুর্নীতিতে অংশগ্রহণ করা হয়েছে। এই পুলিশ দিয়ে কোনোভাবেই সৎ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। পুলিশ সরকার ও আওয়ামী লীগের গোলাম এবং দাস বাহিনীতে পরিণত হয়েছে।
