পাকিস্তান সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনা নিহত
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান সেনাবাহিনীর হামলায় এক ভারতীয় সেনা নিহত ও তিনজন গুরুতর জখম হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, দুপুরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সেনাবাহিনী ছোট আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলো চালানোর পাশাপাশি শেল ছুঁড়ে। এতে চার ভারতীয় সেনা জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় এক সেনার মৃত্যু হয়।
এদিকে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার জবাব দেয়া হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। তবে ভারতের পালটা আঘাতে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
